খেলা – আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ শুরুর আগেই ধাক্কা ভারতীয় শিবিরে। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা সিরিজে খেলতে পারবেন না পেসার হর্ষিত রানা। দিল্লিতে হতে চলা এই সিরিজের জন্য তাঁকে দলে রাখা হলেও ফিটনেসের উপর বিষয়টি নির্ভর করছিল। নির্ধারিত সময়ের মধ্যে পুরোপুরি ফিট হতে না পারায় শেষ পর্যন্ত দল থেকে ছিটকে গেলেন তিনি।
বিসিসিআই সূত্রের খবর, হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি হর্ষিত। আরও কিছুটা সময় প্রয়োজন তাঁর। ইংল্যান্ড সফরে শেষবার ভারতীয় জার্সিতে দেখা গিয়েছিল এই পেসারকে। এশিয়ান গেমসের দলেও তাঁকে রাখা হয়েছিল, তবে সেখানেও ফিটনেসই ছিল মূল শর্ত।
চোটের কারণে দলের বাইরে রয়েছেন যশপ্রীত বুমরা এবং নীতীশ কুমার রেড্ডিও। বুমরার হাঁটুতে চোট রয়েছে এবং জুলাইয়ের ইংল্যান্ড সফর থেকেই তিনি মাঠের বাইরে। অন্য দিকে, নীতীশের কোয়াড্রিসেপ মাসেলে চোট রয়েছে। তবে দু’জনকেই ফিটনেস সাপেক্ষে দলে রাখা হয়েছে। বোর্ড সূত্রের দাবি, দু’জনই প্রত্যাবর্তনের জন্য অনেকটাই প্রস্তুত।
আফগানিস্তান সিরিজের পর ২২ সেপ্টেম্বর টোকিওতে জাপানের বিরুদ্ধে একটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। এরপর ২৮ সেপ্টেম্বর এশিয়ান গেমসে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। ফলে জাপানের বিরুদ্ধে ম্যাচটিকে এশিয়ান গেমসের প্রস্তুতির মঞ্চ হিসেবেই ব্যবহার করতে পারে ভারতীয় দল। হর্ষিতের অনুপস্থিতিতে বোলিং আক্রমণে কিছুটা চাপ বাড়লেও বুমরা ও নীতীশের ফিটনেসে স্বস্তির খবর রয়েছে ভারতীয় শিবিরে।




















