আসছে ‘কৃষকবন্ধু নিউ’ প্রকল্প, জুলাইয়ের মধ্যেই নতুন ফর্ম পূরণ বাধ্যতামূলক

আসছে ‘কৃষকবন্ধু নিউ’ প্রকল্প, জুলাইয়ের মধ্যেই নতুন ফর্ম পূরণ বাধ্যতামূলক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যের কৃষকদের জন্য চালু হতে চলেছে ‘কৃষকবন্ধু নিউ’ প্রকল্প। এই নতুন প্রকল্পের সুবিধা পেতে হলে উপভোক্তাদের নতুন করে নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে। জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়া শুরু ও সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল।

কৃষিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বর্তমানে চালু থাকা কৃষকবন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা পুনরায় যাচাই করা হচ্ছে। সেই যাচাইয়ের পর প্রায় ৩০ লক্ষ নাম তালিকা থেকে বাদ যেতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রকৃত উপভোক্তাদের নাম নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কৃষকদের বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে কৃষিমন্ত্রীর একটি বৈঠক হয়। সেখানে পিএম কিষাণ-সহ বিভিন্ন কৃষি প্রকল্পের সঙ্গে আরও বেশি সংখ্যক কৃষককে কীভাবে যুক্ত করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

নতুন প্রকল্পের জন্য বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণের পরিকল্পনা করা হয়েছে। এবার আবেদন প্রক্রিয়াতেও কিছু পরিবর্তন আনা হচ্ছে। একই পরিবারের একাধিক সদস্যকে আলাদা করে ফর্ম পূরণ করতে হবে না। একটি পরিবারের জন্য নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আবেদন গ্রহণ করা হবে।

এদিকে বুধবার কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রাক্তন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কৃষিমন্ত্রী জানান, দীর্ঘদিন কৃষি দপ্তরের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা থাকায় শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এর আগেই কৃষিমন্ত্রী জানিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো কৃষকবন্ধু প্রকল্পেও নতুন করে আবেদনপত্র পূরণ করতে হবে। কারণ, পুরনো তালিকায় বহু ভুয়ো নাম থাকার অভিযোগ সামনে এসেছে। সেই কারণেই উপভোক্তাদের তালিকা স্বচ্ছ ও নির্ভুল করতে এবার নতুন করে যাচাই-বাছাই এবং আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top