রাজ্য – তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দলের বিদ্রোহী নেতাদের উদ্দেশে নতুন বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে দলের কর্মসূচিতে কড়া ভাষায় বিদ্রোহীদের সমালোচনা করলেও, কয়েক ঘণ্টা পরে ফেসবুক লাইভে এসে তাঁদের ঘরে ফেরার আহ্বান জানান তিনি।
নাম উল্লেখ না করেই কাকলি ঘোষ দস্তিদার ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ বিদ্রোহী শিবিরের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখনও সময় রয়েছে। বিজেপির আশ্রয় না নিয়ে নিজের দলে ফিরে এসে কর্মীদের কথা ভাবার আবেদন জানান তিনি। তাঁর কথায়, দলের কর্মীরা দীর্ঘদিন ধরে তাঁদের পাশে থেকেছেন এবং সেই কর্মীদের প্রতি দায়বদ্ধতার কথা ভুলে যাওয়া উচিত নয়।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, প্রয়োজনে পরিবারের সদস্যের মতো দলের ভিতরে থেকেই প্রশ্ন তুলুন, মতপার্থক্য প্রকাশ করুন। কিন্তু মাঝপথে থেকে বিভ্রান্তির পরিবেশ তৈরি না করে নিজেদের রাজনৈতিক পরিবারের কাছেই ফিরে আসার আহ্বান জানান তিনি।
এর আগে বুধবার বিকেলে বারুইপুরের ঘটনায় প্রতিবাদ মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্রোহীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন। তাঁর অভিযোগ, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা নেতাদের কারণেই তৃণমূল কর্মীদের উপর অত্যাচার বেড়েছে। যারা দল ছেড়ে অন্য রাজনৈতিক শক্তির পাশে দাঁড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে কর্মীদের সতর্ক থাকার বার্তাও দেন তিনি।
একইসঙ্গে তিনি বলেন, যারা তৃণমূলের প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছেন, তাঁদের উচিত দলের সঙ্গেই থাকা। অন্য রাজনৈতিক দলের সঙ্গে যাওয়ার পরিবর্তে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বানও জানান তৃণমূল নেত্রী।




















