রাজ্য – তারাতলা বিপর্যয়ে প্রাণ হারানোদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা এবং আহতদের জন্য ১ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করার পর এবার উদ্ধার অভিযানে অংশ নেওয়া সাহসী কর্মীদের সম্মান জানাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শনিবার আলিপুর বডিগার্ড লাইন্সে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সূত্রের খবর, কলকাতা পুলিশের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থেকে উদ্ধার অভিযানে যুক্ত বিভিন্ন বাহিনী ও সংস্থার সদস্যদের সংবর্ধনা জানাবেন। বিপজ্জনক পরিস্থিতিতে দ্রুত ও দক্ষতার সঙ্গে উদ্ধারকাজ পরিচালনার জন্য তাঁদের এই সম্মান প্রদান করা হবে।
এই অনুষ্ঠানে কলকাতা পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতর, সিভিল ডিফেন্স, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), ভারতীয় সেনাবাহিনী-সহ উদ্ধারকাজে অংশ নেওয়া সমস্ত সংস্থার সদস্যদের সম্মানিত করা হবে বলে জানা গিয়েছে।
রাজ্য সরকারের মতে, তারাতলা বিপর্যয়ের সময় বিভিন্ন সংস্থার সমন্বিত তৎপরতা এবং ঝুঁকি নিয়ে পরিচালিত উদ্ধার অভিযান বহু মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই অবদানের স্বীকৃতি দিতেই এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।




















