রাজ্য – ভোটার তালিকা থেকে কোনও ব্যক্তির নাম বাদ পড়লেই তাঁর ভারতের নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় না। শুক্রবার একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে এমনই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করেছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং নাগরিকত্ব হারানো—দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।
প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিহারের বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত মামলায় আদালতের আগের রায়েই নির্বাচন কমিশনের দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আদালতের মতে, ভোটার তালিকা থেকে কোনও ব্যক্তির নাম বাদ পড়লে তাঁর নাগরিকত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নয়।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, এ ধরনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্ব হল সংশ্লিষ্ট ব্যক্তির আইনি অবস্থান ও নাগরিকত্বের বিষয়টি পর্যালোচনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারি দফতরের কাছে পাঠানো। শুধুমাত্র ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ভিত্তিতে কাউকে নাগরিকত্বহীন বলে গণ্য করা যাবে না বলেও আদালত স্পষ্ট করেছে।
প্রধান বিচারপতির সঙ্গে এই বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনা। পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে দায়ের হওয়া একটি বিশেষ পিটিশনের শুনানিতে এই পর্যবেক্ষণ করা হয়। আবেদনে দাবি করা হয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর বহু মানুষ রেশন, আর্থিক অনুদান-সহ বিভিন্ন সরকারি পরিষেবা ও জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সেই আপিলগুলির দ্রুত নিষ্পত্তির জন্য একটি নির্দিষ্ট ব্যবস্থা গড়ে তোলার আবেদনও জানানো হয়েছে আদালতের কাছে।




















