রাজ্য – মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পর রাজ্যের সব সরকারি স্কুলে সৌরবিদ্যুতের ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগে নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার সেই প্রকল্পের পরিকাঠামো তৈরিতে শিল্প সংস্থাগুলির কাছে আর্থিক সহায়তার আবেদন জানালেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তিনি সংস্থাগুলিকে তাদের সিএসআর (CSR) তহবিল থেকে এই প্রকল্পে সহযোগিতার আহ্বান জানান।
শুক্রবার কলকাতার একটি বেসরকারি হোটেলে ‘এনার্জি মিট ২০২৬ অ্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস’-এ বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের প্রায় ৮১ হাজার স্কুলের ছাদে সৌরশক্তির প্যানেল বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, এই উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবেশবান্ধব উন্নয়নের পাশাপাশি স্কুলগুলির বিদ্যুৎ ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমবে। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের এই প্রকল্পে এগিয়ে আসার আবেদন জানান তিনি।
এই সম্মেলনে ডিভিসি, ইসিএল, হিন্দুস্তান পেট্রোলিয়াম-সহ একাধিক সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা গ্রিন এনার্জির প্রসারে জোর দিয়ে পশ্চিমবঙ্গে সৌরবিদ্যুৎ প্রকল্প আরও সম্প্রসারণের পক্ষে মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী অশোক দিন্দা বলেন, পশ্চিমবঙ্গে পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার। রাজ্যে নতুন বিনিয়োগ এবং শিল্পোন্নয়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানান।
এদিন ‘সোশাল চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড’ গ্রহণ করে ইনোভেল এনার্জির প্রধান নির্বাহী আধিকারিক পার্থপ্রতিম চট্টোপাধ্যায় জানান, তাঁদের সংস্থা ইতিমধ্যেই ২.৫ লক্ষেরও বেশি সফল সৌরবিদ্যুৎ স্থাপনা সম্পন্ন করেছে, যা দেশের পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।




















