পূর্ব মেদিনীপুর – পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট জাল করার অভিযোগে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ধনঞ্জয় করন। তাঁকে কাঁথি আদালতে তোলা হলে আদালত পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পুলিশ আধিকারিকদের স্বাক্ষর জাল করে ভুয়ো ভেরিফিকেশন রিপোর্ট তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ। এই ভুয়ো রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন কাজে সুবিধা নেওয়ার চেষ্টা চলছিল এবং সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছিলেন বলেও তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে। বিষয়টি সামনে আসতেই তদন্তে নেমে দ্রুত পদক্ষেপ করে পুলিশ এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ খতিয়ে দেখছে, এই জালিয়াতির সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না এবং কতগুলি ভুয়ো রিপোর্ট তৈরি হয়েছে। নথিপত্র ও ডিজিটাল তথ্যও পরীক্ষা করা হচ্ছে বলে সূত্রের খবর।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতেও শুরু হয়েছে চাপানউতোর। বিজেপির অভিযোগ, রাজ্যে ভুয়ো সংস্কৃতি মাথাচাড়া দিয়ে উঠেছে এবং প্রশাসনের একাংশের ভূমিকা প্রশ্নের মুখে। পাল্টা তৃণমূল কংগ্রেসের দাবি, পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে বলেই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দিকেই এখন নজর সকলের।




















