রাজ্য – ভোটের দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে নিরাপত্তা তৎপরতা। কোনও ঝুঁকি নিতে নারাজ Election Commission of India। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গকে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে বড় সিদ্ধান্ত নিয়েছে কমিশন—রাজ্যে আসছে আরও ১,৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। লক্ষ্য একটাই—শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এর সঙ্গে যুক্ত হবে নতুন এই বিশাল বাহিনী। ফলে মোট বাহিনীর সংখ্যা দাঁড়াবে প্রায় ২,৪০০ কোম্পানি, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহত্তম নিরাপত্তা মোতায়েন বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ভোটের দিনক্ষণ ঘোষণার আগে Ministry of Home Affairs গত ২১ ফেব্রুয়ারি প্রথম দফায় ৪৮০ কোম্পানি পাঠানোর সিদ্ধান্ত নেয়। ১ মার্চ ২৪০ কোম্পানি রাজ্যে পৌঁছয়, আর ১০ মার্চ বাকি বাহিনী মোতায়েন হয়। পরিস্থিতি বিচার করে কমিশন আরও বাহিনী চেয়ে পাঠায়, যার ফলে এই অতিরিক্ত ১,৯২০ কোম্পানি আসছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩০ মার্চের মধ্যে এই অতিরিক্ত বাহিনী পুরোপুরি মোতায়েন করা হবে। তারা থাকবে অন্তত দ্বিতীয় দফার ভোট, ২৯ এপ্রিল পর্যন্ত। দুই দফার ভোট জুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে কোনও খামতি রাখতে চাইছে কমিশন।
ভোট-পরবর্তী নিরাপত্তা নিয়েও পরিকল্পনা চূড়ান্ত। জানা গেছে—ইভিএম পাহারা, স্ট্রংরুম ও গণনা কেন্দ্রের নিরাপত্তায় থাকবে ২০০ কোম্পানি CAPF। আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্যে মোতায়েন থাকবে আরও ৫০০ কোম্পানি। বাকি ১,৭০০ কোম্পানি ভোট শেষের পর ধাপে ধাপে ফিরিয়ে নেওয়া হবে।
এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হবে দুই দফায়—২৩ এপ্রিল প্রথম দফা (১৫২ আসন) এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফা (১৪২ আসন)। ফলপ্রকাশ হবে ৪ মে। গতবার যেখানে ৮ দফায় ভোট হয়েছিল, সেখানে এবার মাত্র ২ দফায় নির্বাচন হওয়ায় কম সময়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নজিরবিহীন প্রস্তুতি নিচ্ছে কমিশন।




















