রাজ্য – বুধবার ভোররাতে ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া নামের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২২ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামগুলিকে অন্তর্ভুক্ত করে এই তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম দফার ভোটের মাত্র একদিন আগে এই তালিকা প্রকাশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তালিকা প্রকাশের পর ভোটারদের মধ্যে প্রশ্ন উঠেছে, তাঁদের নাম এই তালিকায় রয়েছে কি না তা কীভাবে জানা যাবে। সেই বিষয়েও স্পষ্ট নির্দেশ দিয়েছে কমিশন। জানানো হয়েছে, নতুন যুক্ত হওয়া নাম এবং বাদ যাওয়া নাম—দুই ধরনের তথ্যই আলাদা তালিকায় প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট বুথের তালিকায় গিয়ে দেখা যাচ্ছে, সেখানে ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া কোনও নাম আছে কি না। যদি কোনও নিষ্পত্তি না থাকে, তবে সেই বুথের পাশে জানিয়ে দেওয়া হচ্ছে যে সেখানে এমন কোনও নাম নেই।
ভোটাররা নিজেদের এপিক নম্বর ব্যবহার করেও জানতে পারবেন তাঁদের নাম ট্রাইব্যুনাল নিষ্পত্তির আওতায় এসেছে কি না। তবে কমিশন এখনও পর্যন্ত স্পষ্ট করে জানায়নি মোট কতজনের নাম যুক্ত বা বাদ পড়েছে। এই পূর্ণাঙ্গ তথ্য পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
জানা গিয়েছে, বুধবারই রাজ্যের সমস্ত রাজনৈতিক দল সাপ্লিমেন্টারি তালিকার কপি পেয়ে যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে যে সব নাম নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে যাদের নাম বাদ পড়েনি, তারা প্রথম দফার ভোটে অংশ নিতে পারবেন। রাজ্যে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল, ১৫২টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই ভোটের আগেই এই তালিকা প্রকাশকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নির্দেশ অনুযায়ী, ২৭ এপ্রিল ট্রাইব্যুনালের পরবর্তী নিষ্পত্তির তালিকা প্রকাশ করা হবে, এবং সেই অনুযায়ী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে সংশ্লিষ্ট ভোটাররা অংশ নিতে পারবেন।




















