প্রথম দফার ভোটে আত্মবিশ্বাসী বিজেপির দুই হেভিওয়েট, “আমরা আসছি” মন্তব্য শুভেন্দুর, জয়ের দাবি দিলীপ ঘোষের

প্রথম দফার ভোটে আত্মবিশ্বাসী বিজেপির দুই হেভিওয়েট, “আমরা আসছি” মন্তব্য শুভেন্দুর, জয়ের দাবি দিলীপ ঘোষের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রথম দফার ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই বিভিন্ন বুথে দেখা যায় দীর্ঘ ভোটার লাইনের ছবি। গণতন্ত্রের এই উৎসবে অংশ নিয়েই নিজেদের জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাস প্রকাশ করেছেন বিজেপির দুই হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ।
ভোট দিয়ে বেরিয়েই সংক্ষিপ্ত কিন্তু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমরা আসছি।” ভোট দেওয়ার আগে শান্তিকুঞ্জের বাড়ি থেকে বেরিয়ে তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে পরিবর্তনের আহ্বান জানান। তাঁর বক্তব্য ছিল, বিজেপিকে দায়িত্ব দেওয়া হোক এবং শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হোক।
নির্বাচনের আগের রাতে কিছু বিচ্ছিন্ন অশান্তির খবর থাকলেও বড় ধরনের কোনও ঘটনা না ঘটায় সন্তোষ প্রকাশ করেন শুভেন্দু। তিনি বলেন, “খুব একটা উৎপাত করতে পারেনি, পারবেও না।” পাশাপাশি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাকেও তিনি ধন্যবাদ জানান।
অন্যদিকে, খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে আত্মবিশ্বাসী মেজাজে ছিলেন। নিজের জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত বলেই দাবি করেন। তাঁর মন্তব্য, “বাঙালি মাছভাত খায় এটা যেমন প্রমাণ করতে হয় না, তেমনই দিলীপ ঘোষ যে খড়্গপুরের ঘরের লোক, সেটা আলাদা করে বলার দরকার নেই।”
তিনি আরও বলেন, খড়্গপুর বিজেপির সঙ্গেই রয়েছে। সকালে ২৬৩ নম্বর বুথে ভোট দিয়ে বেরিয়ে তিনি জানান, বর্তমানে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ এবং স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, “আপাতত আমি বাড়িতেই থাকব। কোথাও সমস্যা হলে তবেই বেরোব।”
দিলীপ ঘোষের দাবি, এবার ভোটে মানুষ ভয় কাটিয়ে প্রকাশ্যে বিজেপির পাশে দাঁড়াচ্ছে। তাঁর কথায়, “মমতা হেরেই গেছেন। এখন চারিদিকে বিজেপির আবহাওয়া।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথম দফার ভোটের দিন এই ধরনের আত্মবিশ্বাসী মন্তব্য দুই শিবিরের লড়াইকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলছে। ৩ কোটিরও বেশি ভোটার আজ নির্ধারণ করছেন রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ। শেষ পর্যন্ত এই দাবির প্রতিফলন ইভিএমে কতটা পড়ে, তা জানা যাবে ভোটগণনার দিনেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top