রাজ্য – বৃহস্পতিবার ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচন ২০২৬। ভোটের ঠিক আগের দিনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন। ভোটমুখী পশ্চিমবঙ্গ থেকে প্রায় ১০০ কোটি টাকার মদ ও মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। শুধু মদ-মাদকই নয়, নগদ অর্থ ও বিভিন্ন সামগ্রী মিলিয়ে বাজেয়াপ্তের অঙ্ক আরও অনেক বড়।
বুধবার জারি করা এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে ভোটের আগে এখন পর্যন্ত মোট ৪৭২ কোটি ৮৯ লক্ষ টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে নগদ টাকা, মদ, মাদকদ্রব্য, মূল্যবান ধাতু এবং বিভিন্ন ধরনের উপহার সামগ্রী।
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ থেকে এখন পর্যন্ত ২৭ কোটি ৪৮ লক্ষ টাকা নগদ অর্থ বাজেয়াপ্ত হয়েছে। পাশাপাশি প্রায় ৩৯ লক্ষ ৩১ হাজার লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১০২ কোটি ৪৫ লক্ষ টাকা। মাদকদ্রব্য বাজেয়াপ্ত হয়েছে ১০৮ কোটি ১১ লক্ষ টাকার। এছাড়া সোনা-রুপোর মতো মূল্যবান ধাতু বাজেয়াপ্ত হয়েছে ৫৫ কোটি ৮৮ লক্ষ টাকার এবং বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে ১৭৮ কোটি ৮৩ লক্ষ টাকার।
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি থেকে এই বাজেয়াপ্ত প্রক্রিয়া শুরু হয়। ১৫ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই অভিযান আরও জোরদার করে কমিশন ও প্রশাসন। ২২ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে মোট বাজেয়াপ্ত সামগ্রীর হিসাব প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে তামিলনাড়ুতেও উল্লেখযোগ্য পরিমাণ বাজেয়াপ্ত হয়েছে। সেখানে প্রায় ১০০ কোটি ১৯ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। এছাড়া ১৫৯ কোটি ৩১ লক্ষ টাকার মূল্যবান ধাতু এবং ২৫৯ কোটি ১৪ লক্ষ টাকার উপহার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি ১ লক্ষ ১৭ হাজার লিটার মদ বাজেয়াপ্ত হয়েছে, যার মূল্য সাড়ে তিন কোটি টাকারও বেশি। মাদকদ্রব্য বাজেয়াপ্ত হয়েছে প্রায় ১৫৯ কোটি ৩১ লক্ষ টাকার।
সব মিলিয়ে দুই রাজ্য—পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু—থেকে মোট বাজেয়াপ্তের পরিমাণ দাঁড়িয়েছে ১০৭২ কোটি ১৩ লক্ষ টাকারও বেশি। কমিশনের এই তথ্য প্রকাশের পর ভোটের আগে নতুন করে রাজনৈতিক আলোচনার ঝড় উঠেছে রাজ্যজুড়ে।




















