খেলা – Indian Premier League-এ নতুন ইতিহাস গড়লেন কুপার কোনোলি। দল হারলেও পাঞ্জাব কিংস-এর এই তরুণ ব্যাটারের ইনিংস নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। সানরাইজার্স হায়দরাবাদ-এর বিরুদ্ধে শতরান করে আইপিএলের ইতিহাসে কনিষ্ঠ বিদেশি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন তিনি।
২৩৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাঞ্জাব কিংস। প্রথম ওভারেই মাত্র এক রান করে ফিরে যান প্রিয়াংশ আর্য। এরপর নীতিশ কুমার রেড্ডি-র বলে আউট হন প্রভসিমরন সিং। অধিনায়ক শ্রেয়স আইয়ার-ও মাত্র ৫ রান করে ফিরে যান। মাত্র ৪ ওভারের মধ্যে ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাঞ্জাব।
সেই কঠিন পরিস্থিতিতেই একাই লড়াই চালিয়ে যান কুপার কোনোলি। মাত্র ৫৭ বলে শতরান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫৯ বলে অপরাজিত ১০৭ রান করেন এই অস্ট্রেলিয়ান ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৭টি চার এবং ৮টি বিশাল ছক্কা। তবে একার লড়াইয়ে দলকে জেতানো সম্ভব হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রানেই থেমে যায় পাঞ্জাব কিংস। ৩৩ রানে ম্যাচ জিতে শীর্ষস্থানে উঠে আসে সানরাইজার্স হায়দরাবাদ।
এই শতরানের মাধ্যমে একাধিক রেকর্ড ভেঙেছেন কোনোলি। মাত্র ২২ বছর ২৫৭ দিনে আইপিএলে শতরান করে তিনি ভেঙে দেন কুইন্টন ডি কক-এর রেকর্ড। ডি কক ২৩ বছর ১২২ দিনে শতরান করেছিলেন। এছাড়াও পিছনে পড়ে যান ডেভিড ওয়ার্নার, ডেভিড মিলার এবং ক্যামেরুন গ্রিন-এর মতো তারকারাও।
মাত্র ২২ বছর বয়সে পাঞ্জাব কিংসের হয়ে দ্বিতীয় শতরানকারী ক্রিকেটারও হয়ে গেলেন কুপার কোনোলি। এই তালিকায় তাঁর আগে রয়েছেন প্রভসিমরন সিং। শুধু শতরানই নয়, এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার ক্ষেত্রেও নতুন নজির গড়েছেন তিনি। এর আগেও চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টস-এর বিরুদ্ধে সাতটি ছক্কা হাঁকিয়েছিলেন কোনোলি।
এই জয়ের ফলে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে টানা তিন ম্যাচে হেরে দ্বিতীয় স্থানে নেমে গেল পাঞ্জাব কিংস।




















