
নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর ,১লা এপ্রিল :পূর্ব মেদিনীপুর জেলার ময়নার শ্রীরামপুরে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্করের সমর্থনে সোমবার কর্মী সম্মেলন হয়। এদিনের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপিতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, “আমাদের কর্মীরা যে সংঘর্ষ করছে তার জন্য তাদের উপর বহু অত্যাচার হয়েছে। পঞ্চায়েত জেতার পরেও তাদের জোর করে নিয়ে যাওয়া হয়েছে। কর্মীদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। গ্রামছাড়া করা হয়েছে। কিন্তু আমরা তার প্রত্যুত্তরও দিয়েছি।”
তিনি আরও বলেন, “আমরা যখন মার খেতাম, পুলিশের কাছে অভিযোগ করতে যেতাম। এখন আমরা আর অভিযোগের মধ্যে নেই। যারা আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে পারছে না। তারা নির্বাচন কমিশনে যাচ্ছে। যেটা আমরা বলেছি বাস্তব বলেছি।নির্বাচন কমিশনে আমরা উত্তর দেব। পাশাপাশি তৃণমূল সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “রাজ্যে যদি আইনশৃঙ্খলা অবনতি না হতো, তাহলে এত কোম্পানি প্যারা মিলিটারি ফোর্স কেন জঙ্গলমহলে আছে? দাঙ্গাফাসাদ কেন হচ্ছে? এতগুলো মৃত্যু কেন হল? বোমাবাজি হচ্ছে কেন? ধর্মতলায় রোজ অবস্থান বিক্ষোভ হচ্ছে কেন? আইনশৃঙ্খলা তো নেই।সরকার বলে কিছুই নেই।নির্বাচন কমিশনকে কি ব্যবহার করতে হয়, গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি।এমন ঝড় আসবে অনুব্রত মণ্ডলের চাল উড়ে যাবে।একদিন পুলিশকে পেছনে নিয়ে তৃণমূল অনেক রাজনীতি করেছে।পুলিশ যখন সামনে আসবে তখন বুঝতে পারবে।



















