পশ্চিমবঙ্গ দিবসে বড় ঘোষণা, কলকাতায় ১২৫ ফুট উচ্চতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি গড়ার পরিকল্পনা

পশ্চিমবঙ্গ দিবসে বড় ঘোষণা, কলকাতায় ১২৫ ফুট উচ্চতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি গড়ার পরিকল্পনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – সরকারিভাবে প্রথমবার ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে হুগলির তারকেশ্বরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার। এই অনুষ্ঠানস্থল হিসেবে তারকেশ্বরকে বেছে নেওয়ার পিছনে রয়েছে ঐতিহাসিক তাৎপর্য। কারণ, তারকেশ্বরের কাছেই অবস্থিত জিরাট, যা বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি হিসেবে পরিচিত।

সেই মঞ্চ থেকেই একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, কলকাতায় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার একটি বিশাল মূর্তি নির্মাণ করা হবে। পাশাপাশি জিরাটে তাঁর জন্মভিটে রাজ্য সরকারের তরফে অধিগ্রহণ করে সেখানে একটি স্মৃতিসৌধ ও আধুনিক লাইব্রেরি গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী সরকারের উদ্যোগে প্রথমবার তারকেশ্বরের মাটিতে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান স্মরণ ও তাঁকে যথাযোগ্য সম্মান জানাতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মুখ্যমন্ত্রী জানান, আগামী ২৩ জুন ড. মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস এবং ৬ জুলাই তাঁর জন্মবার্ষিকী রাজ্যজুড়ে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করা হবে। সেই সঙ্গে জিরাটে তাঁর জন্মভিটেকে স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য গবেষণা ও শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

এদিনের সভা থেকে রাজনৈতিক বার্তাও দেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে সরকারি স্বীকৃতি না দেওয়ার জন্য তিনি কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন। তাঁর বক্তব্য, বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িত এই দিনটিকে যথাযোগ্য মর্যাদা দেওয়ার কাজ বর্তমান সরকারই করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top