‘আমরাই আসল তৃণমূল’ দাবি ঋতব্রত শিবিরের, কমিশনের দ্বারস্থ নতুন নেতৃত্ব

‘আমরাই আসল তৃণমূল’ দাবি ঋতব্রত শিবিরের, কমিশনের দ্বারস্থ নতুন নেতৃত্ব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের নিয়ন্ত্রণ দখলে মরিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। মঙ্গলবার কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে ঋতব্রতপন্থী পাঁচ বিধায়ক এবং তাঁদের গঠিত কমিটির সদস্যরা তথাকথিত ‘বিশেষ অধিবেশন’-এর নথি জমা দেন। তাঁদের দাবি, দলের নিয়ম মেনে বিশেষ অধিবেশন ডেকে অরূপ রায়কে চেয়ারপার্সন হিসেবে নিয়োগ করা হয়েছে এবং একইসঙ্গে ৩০ সদস্যের একটি জাতীয় কর্মসমিতিও গঠন করা হয়েছে।

বৈঠক শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “জোড়াফুল প্রতীক দাবি করার কোনও প্রশ্নই নেই। আমরাই আসল তৃণমূল। জাতীয় কর্মসমিতির বৈঠক সম্পর্কে জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। আমরাই প্রকৃত তৃণমূল কংগ্রেস।” তাঁর সাফ বক্তব্য, “আমরা কেন জোড়াফুল প্রতীক চাইতে যাব? আসল তৃণমূল তো আমরাই।”

সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনার সঙ্গে সাক্ষাৎ করে ঋতব্রত শিবির সোমবার অনুষ্ঠিত বিশেষ অধিবেশনের ‘মিনিটস’ জমা দিয়েছে। সেই নথিতে জানানো হয়েছে, দলের নতুন চেয়ারপার্সন হিসেবে অরূপ রায় দায়িত্ব গ্রহণ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই পদ থেকে অপসারিত করা হয়েছে। পাশাপাশি নতুন ৩০ সদস্যের জাতীয় কর্মসমিতির তালিকাও জমা দেওয়া হয়েছে। প্রতিনিধি দলে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, জাভেদ খান, অরূপ রায় এবং আখরুজ্জামান।

এদিকে মঙ্গলবার ঋতব্রত শিবিরের শক্তি আরও বৃদ্ধি পেয়েছে বলে দাবি করা হচ্ছে। বিধানসভায় তাঁদের কক্ষে গিয়ে দেখা করেন সদ্য কালীঘাটপন্থী তৃণমূলের জাতীয় কর্মসমিতি থেকে ইস্তফা দেওয়া প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুধু তাই নয়, বজবজের প্রবীণ তৃণমূল বিধায়ক অশোক দেবও ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার বিকেলে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের তরফে আইনজীবীদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। সূত্রের খবর, আগামী সপ্তাহে ছয় বিধায়কের একটি দল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে দলের প্রতীক সংক্রান্ত দাবি পেশ করতে পারে।

তবে কালীঘাটপন্থী তৃণমূল নেতৃত্ব ঋতব্রতদের গোটা প্রক্রিয়াকেই অবৈধ বলে দাবি করেছে। তাদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ই দলের বৈধ চেয়ারপার্সন এবং সেই তথ্য জানিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top