রাজ্য – চারিদিক যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে লোহার বিম, সিমেন্টের চাঙড় এবং ভেঙে পড়া নির্মাণসামগ্রীর স্তূপ। বুধবার রাতভর উদ্ধার অভিযান চালানোর পর বৃহস্পতিবার সকালেও জোরকদমে চলছে উদ্ধারকার্য। সকালেই ধ্বংসস্তূপের নিচ থেকে আরও তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এখন পর্যন্ত এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচে। আহত হয়েছেন অন্তত ২৫ জন। এখনও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণে উদ্ধারকারী দলগুলি সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে।
ঘটনার তদন্তে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) কুণাল আগরওয়ালের নেতৃত্বে এই তদন্তকারী দল দুর্ঘটনার কারণ এবং সম্ভাব্য গাফিলতির দিকগুলি খতিয়ে দেখবে।
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তৎপরতা বেড়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় এ বিষয়ে বিবৃতি দেবেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, সেদিকেই এখন নজর সকলের।




















