রাজ্য – পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর রাজ্যজুড়ে বিশ্ববাংলার ‘ব’ লোগো সরিয়ে ফেলার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এবার সেই পরিবর্তনের ছোঁয়া পৌঁছাল আইএএস আধিকারিকদের সরকারি গাড়িতেও। নবান্নের নির্দেশ অনুযায়ী, উচ্চপদস্থ আইএএস আধিকারিকদের গাড়ি থেকে ‘ব’ লেখা বিশেষ পতাকা সরিয়ে তার পরিবর্তে গাঢ় নীল রঙের পতাকায় জাতীয় প্রতীক অশোকচক্র ব্যবহার করা হবে। এই বিষয়ে ইতিমধ্যেই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।
উল্লেখ্য, আইএএস আধিকারিকদের গাড়িতে ব্যবহৃত ‘ব’ লোগোযুক্ত পতাকাটি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছিল। পদমর্যাদা অনুযায়ী এতদিন আয়তাকার, লেজযুক্ত এবং ত্রিভুজাকার—এই তিন ধরনের পতাকা ব্যবহার করা হতো। নতুন নির্দেশিকা অনুযায়ী, পুরনো সব পতাকা সরিয়ে নতুন নকশার পতাকা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
নবান্ন জানিয়েছে, সরকারি দায়িত্ব পালনের সময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের ক্ষেত্রে আধিকারিকদের পরিচয় ও পদমর্যাদা স্পষ্টভাবে তুলে ধরতেই এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। পদমর্যাদা অনুযায়ী পতাকার নকশাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব, সমমর্যাদার আধিকারিক এবং ডিভিশনাল কমিশনারদের জন্য গাঢ় নীল রঙের আয়তাকার পতাকা নির্ধারিত হয়েছে। সুপার টাইম স্কেল-এর আইএএস আধিকারিকরা ব্যবহার করবেন লেজযুক্ত (Tail-shaped) পতাকা। অন্যদিকে কমিশনার, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেড, সিলেকশন গ্রেডের আধিকারিক এবং জেলাশাসকদের জন্য রাখা হয়েছে গাঢ় নীল রঙের ত্রিভুজাকার পতাকা।
নতুন পতাকার ব্যবহার নিয়েও একাধিক নির্দেশিকা জারি করেছে নবান্ন। বিজ্ঞপ্তি অনুযায়ী, পতাকাটি গাড়ির বনেটের মাঝখানে অথবা সামনের গ্রিলে নির্দিষ্ট স্ট্যান্ডে লাগাতে হবে। শুধুমাত্র সরকারি দায়িত্ব পালনের সময়ই এই পতাকা ব্যবহার করা যাবে এবং পতাকাটি সবসময় পরিষ্কার ও ভালো অবস্থায় রাখতে হবে।
সরকার আরও স্পষ্ট করেছে, ট্রাফিক আইন ভঙ্গ করলে এই ভিআইপি পতাকা দেখিয়ে কোনও ধরনের বিশেষ সুবিধা বা ছাড় দাবি করা যাবে না। কোন আধিকারিকের নামে কোন পতাকা ইস্যু হয়েছে এবং সেটি কোন গাড়িতে ব্যবহার করা হচ্ছে, তার পূর্ণাঙ্গ ডিজিটাল তথ্যভাণ্ডার সংরক্ষণ করবে নবান্ন। প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে এই তথ্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI), কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের সঙ্গেও ভাগ করে নেওয়া হবে।
ইতিমধ্যেই অশোকচক্র খচিত নতুন পতাকাগুলি নবান্নে পৌঁছে গিয়েছে এবং ধাপে ধাপে আইএএস আধিকারিকদের সরকারি গাড়িতে সেগুলি লাগানোর কাজও শুরু হয়েছে।




















