রাজ্য – বাংলায় সরকার পরিবর্তনের পর প্রশাসনিক স্তরে একাধিক পরিবর্তনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। পূর্ববর্তী সরকারের বিভিন্ন প্রকল্পের নাম পরিবর্তনের পাশাপাশি রাজ্যের বিভিন্ন সরকারি স্থাপনায় রঙের ক্ষেত্রেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে এবার নবান্ন, অর্থাৎ রাজ্য সরকারের প্রশাসনিক সদর দপ্তরের ফলকের রঙেও পরিবর্তন আনা হয়েছে।
সোমবার সকালে দেখা যায়, নবান্ন ভবনের উপরে থাকা ‘নবান্ন’ নামাঙ্কিত ফলকের নীল রং পরিবর্তন করে গেরুয়া রং করা হয়েছে। সরকার পরিবর্তনের পর এর আগেই নবান্ন ভবনে গেরুয়া আলোকসজ্জা করা হয়েছিল। এবার সেই ধারাবাহিকতায় ফলকের রঙেও পরিবর্তন আনা হয়েছে।
তবে নবান্ন ভবনের মূল নীল-সাদা রঙে এখনও কোনও পরিবর্তন করা হয়নি। ভবিষ্যতে ভবনের বাইরের রঙেও পরিবর্তন আনা হবে কি না, সে বিষয়ে সরকারিভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর রাজ্যের বিভিন্ন সরকারি ভবন ও অন্যান্য স্থানে নীল-সাদা রঙের পরিবর্তে গেরুয়া রং ব্যবহার করা হচ্ছে। সেই প্রেক্ষিতে ভবিষ্যতে নবান্ন ভবনের বাহ্যিক রঙেও পরিবর্তন আনা হতে পারে বলে প্রশাসনিক মহলে জল্পনা তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি নিশ্চিতকরণ মেলেনি।



















