কলকাতা – শুক্রবার ভোর হতেই কলকাতার একাধিক এলাকায় বড়সড় অভিযানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খিদিরপুর, শর্ট স্ট্রিট-সহ শহরের বিভিন্ন প্রান্তে একাধিক বিশিষ্ট ব্যবসায়ীর বাড়িতে শুরু হয় টানা তল্লাশি অভিযান। গোটা অভিযানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয় এবং সংশ্লিষ্ট এলাকাগুলিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।
সূত্রের খবর, এদিন ভোর সাড়ে চারটে নাগাদ নিউটাউনের সিআরপিএফ ক্যাম্প থেকে ইডির একাধিক বিশেষ তদন্তকারী দল কনভয় নিয়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। এরপর সকাল হতেই শহরের বিভিন্ন এলাকায় একযোগে শুরু হয় এই বিশেষ অভিযান।
তদন্তকারীরা ব্যবসায়ীদের বাড়ি ও অফিসে থাকা আর্থিক নথি, গুরুত্বপূর্ণ কাগজপত্র, কম্পিউটার, মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল তথ্য খতিয়ে দেখছেন। পাশাপাশি সংশ্লিষ্ট পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক নথিও পরীক্ষা করে দেখা হচ্ছে।
তবে এই অভিযান ঠিক কোন মামলার তদন্তের অংশ, কিংবা কোন নির্দিষ্ট আর্থিক অনিয়ম বা তছরুপের অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালানো হচ্ছে, সে বিষয়ে এখনও পর্যন্ত ইডির তরফে কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। কোন কোন ব্যবসায়ীর বাড়িতে অভিযান চলছে, সেই তথ্যও এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তদন্তকারীরা নথি পরীক্ষা ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন।



















