মাইসুরু:
দেশের অগ্রগতির মূল শক্তি যে দেশের যুবসমাজ, সেই বার্তাই শনিবার মাইসুরুর শ্রীরামকৃষ্ণ আশ্রম থেকে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামকৃষ্ণ মঠ ও মিশনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নতুন প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতের ভারত গড়ার দায়িত্বও মূলত তরুণদের হাতেই।
প্রধানমন্ত্রী বলেন, উৎপাদন শিল্প, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি থেকে মহাকাশ গবেষণা— প্রতিটি ক্ষেত্রেই ভারতের সাফল্যের নেপথ্যে রয়েছে দেশের যুবসমাজের মেধা, পরিশ্রম এবং উদ্ভাবনী শক্তি। তিনি আরও জানান, দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে আধুনিক ও দক্ষ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন প্রজন্মকে বিশ্বমানের সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আত্মনির্ভর ভারত গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, প্রধানমন্ত্রী যখন তরুণদের উদ্দেশে ইতিবাচক বার্তা দিচ্ছেন, সেই দিনই তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত এক নাবালিকা প্রকাশ্যে ক্ষমা চেয়েছে। একটি ভিডিও বার্তায় হাতজোড় করে সে জানায়, আন্দোলনকারীদের প্রভাবে সে ভুল পথে পরিচালিত হয়েছিল। তার দাবি, তার বয়স মাত্র ১৫ বছর এবং না বুঝেই এমন মন্তব্য করে ফেলেছিল।
ভিডিও বার্তায় নাবালিকা বলে, সে যা করেছে তা ক্ষমার অযোগ্য এবং এই ঘটনার জন্য গোটা দেশের কাছে সে ক্ষমাপ্রার্থী। নিজের আচরণের জন্য সে লজ্জিত বলেও জানায়। একই সঙ্গে এটাই তার জীবনের প্রথম এবং শেষ ভুল বলে উল্লেখ করে ভবিষ্যতে এমন ঘটনা আর কখনও ঘটবে না বলেও আশ্বাস দেয়।




















