নদিয়া – রাজ্যে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ছে। এবার কাঁচরাপাড়ায় পুলিশের অভিযানে একটি নর্দমা থেকে নাইলনের ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এই ঘটনায় জগন্নাথ দাস ওরফে নানু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বীজপুর থানার একটি পুরনো আগ্নেয়াস্ত্র মামলার তদন্ত চলাকালীন ধৃত অজয় কুমার মালিকে জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে। জেরায় অজয় দাবি করেন, তিনি জগন্নাথ দাসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছিলেন। সেই সূত্র ধরেই মঙ্গলবার কাঁচরাপাড়ার একটি এলাকায় অভিযান চালায় পুলিশ।
অভিযানের সময় একটি নর্দমা থেকে নাইলনের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভিতর থেকে একটি ৯ এমএম পিস্তল, একটি রিভলভার, দু’টি পাইপগান এবং বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। সমস্ত অস্ত্র বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
রাজ্যের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই অস্ত্রগুলি কোথা থেকে রাজ্যে আসছে এবং এর পিছনে কোনও বড় পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।




















