রাজ্য – রাজ্যজুড়ে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম ও পুরুলিয়ার এক-দুই জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ারও সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রঝড়ের সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। কলকাতাতেও আজ মূলত মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকবে। উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে একদিকে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার কারণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।




















