রাজ্য – রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার থেকেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে ‘গুন্ডাদমন আইন’-এর একটি গুরুত্বপূর্ণ অংশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আন্দোলন, বিক্ষোভ বা অন্য কোনও অজুহাতে সরকারি কিংবা জনসম্পত্তি নষ্ট করলে কাউকেই রেয়াত করা হবে না।
সোমবার সন্ধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠকে একাধিক সরকারি প্রকল্প ও প্রশাসনিক বিষয় নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেখানেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সদ্য কার্যকর হওয়া আইনের বিষয়ে কড়া বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, সরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে কোনও হিংসাত্মক আন্দোলন বা অরাজকতার নামে সরকারি সম্পদ ধ্বংস করা হলে ক্ষতিপূরণ হিসেবে মূল ক্ষতির তিনগুণ অর্থ আদায় করা হবে। সেই অর্থ সুদ-সহ কড়ায়-গণ্ডায় আদায়ের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুধু সরকারি সম্পত্তি নষ্ট করাই নয়, কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলার ঘটনাতেও প্রশাসন কঠোর পদক্ষেপ করবে বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন যে কোনও ধরনের হিংসা বা সরকারি সম্পত্তি ধ্বংসের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেবে বলেই এদিন বার্তা দেওয়া হয়েছে।



















