দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা, নিচুতলার কর্মীদের চিঠি শমীক ভট্টাচার্যের; দিলীপ ঘোষের মন্তব্যে বাড়ল জল্পনা

দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা, নিচুতলার কর্মীদের চিঠি শমীক ভট্টাচার্যের; দিলীপ ঘোষের মন্তব্যে বাড়ল জল্পনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ এবং তোলাবাজি কোনওভাবেই বরদাস্ত করা হবে না—রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বারবার এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসক দলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু তার পরেও দলের নিচুতলার কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসায় এবার সংগঠনকে সতর্ক করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

জেলায় জেলায় দলের নিচুতলার কর্মীদের উদ্দেশে চিঠি পাঠিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। সেই চিঠিতে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার ক্ষেত্রে কর্মীদের আত্মত্যাগ, পরিশ্রম এবং দলীয় আদর্শের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের ভাবমূর্তি ও আদর্শ অক্ষুণ্ণ রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

শমীকের চিঠি নিয়ে মুখ খুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর বক্তব্যে দুর্নীতির বিষয়টি শুধু দলের নিচুতলায় সীমাবদ্ধ নয় বলেই ইঙ্গিত মিলেছে।

কী বললেন দিলীপ ঘোষ?

দিলীপ ঘোষ বলেন, “পার্টির প্রেসিডেন্ট পার্টিকে ঠিক রাখার জন্য যা করার করছেন। আমার জানা নেই, আমি এখন সংগঠন দেখি না, সরকার দেখি।” তাঁর দাবি, শুধু নিচুতলাতেই নয়, দলের উঁচু স্তরেও দুর্নীতি রয়েছে।

দিলীপের আরও বক্তব্য, “আমরা এই পঙ্কিল আবর্তে রাজনীতি করতে নেমেছি। ওদিকের লোকেরা ঢোকার চেষ্টা করছে। এত টাকা কামিয়েছে, কোথাও না কোথাও ইনভেস্ট করার চেষ্টা করছে। পার্টি চেষ্টা করছে।”

রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির তরফে দুর্নীতি, কাটমানি ও তোলাবাজির বিরুদ্ধে একাধিকবার কড়া অবস্থানের কথা বলা হয়েছে। এবার দলের রাজ্য সভাপতির চিঠি এবং দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে সংগঠনের অন্দরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top