গুয়াহাটি: পাহাড়, মেঘ, পাইন বন ও তুষারাবৃত শৃঙ্গ—উত্তর-পূর্ব ভারতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ নিয়ে এল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)। অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশকে এক সফরে যুক্ত করে চালু করা হয়েছে ‘দ্য গ্রিন এস্কেপ – ৩ স্টেটস, এক্স গুয়াহাটি’ প্যাকেজ।
১১ দিন ও ১০ রাতের এই সফর শুরু হবে গুয়াহাটি থেকে। পর্যটকদের জন্য উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জনপ্রিয় পর্যটনস্থল ঘোরার সুযোগ থাকছে এই প্যাকেজে।
সফরের শুরুতেই থাকছে কামাখ্যা মন্দির দর্শন। এরপর উমিয়াম হ্রদের সৌন্দর্য উপভোগ করে পর্যটকরা পৌঁছবেন মেঘালয়ের শিলং ও চেরাপুঞ্জিতে। প্যাকেজে রয়েছে এলিফ্যান্ট ফলস এবং নোওকালিকাই জলপ্রপাত দর্শনের সুযোগ।
এছাড়াও পর্যটকদের নিয়ে যাওয়া হবে মাওলিনং এবং ডাউকিতে। মাওলিনংয়ের প্রাকৃতিক পরিবেশ এবং ডাউকির স্বচ্ছ উমনগোট নদী সফরের অন্যতম আকর্ষণ। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ডাউকি ঘুরে সফর এগিয়ে যাবে অসমের কাজিরাঙার দিকে।
উত্তর-পূর্ব ভারতের তিনটি রাজ্যের প্রকৃতি, সংস্কৃতি ও দর্শনীয় স্থানকে এক সফরের মধ্যে দেখার সুযোগই এই প্যাকেজের মূল আকর্ষণ। ফলে একসঙ্গে অসম, মেঘালয় ও অরুণাচল প্রদেশ ঘুরতে ইচ্ছুক পর্যটকদের জন্য এটি একটি বিশেষ ভ্রমণসূচি হতে চলেছে।




















