রাজ্য – রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) বিরুদ্ধে বালুরঘাটের এক মহিলার অভিযোগ ও মামলা সংক্রান্ত বিষয় ফের যথাযথভাবে খতিয়ে দেখার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) চিঠির প্রেক্ষিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে শুক্রবার সমাজমাধ্যমে দাবি করেছেন বেলেঘাটার বিধায়ক।
নিজের দীর্ঘ ফেসবুক পোস্টে ঋতব্রতকে আক্রমণ করে কুণাল জানান, বালুরঘাটের ওই মহিলার অভিযোগ-সহ বিভিন্ন তথ্য, নথি ও ছবি সংযুক্ত করে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন। কুণালের দাবি, তাঁর চিঠির গুরুত্ব বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয়েছে। সেখানে ওই মহিলার অভিযোগ ও মামলা সংক্রান্ত বিষয় ফের খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি কুণাল ঘোষকেও জানাতে বলা হয়েছে।
ফেসবুক পোস্টে কুণাল ঋতব্রতকে ‘অস্থায়ী বিরোধী দলনেতা’ এবং ‘চাটন’ বলে কটাক্ষ করেন। তাঁর দাবি, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে তাঁকে চিঠি পাঠানো হচ্ছে—এই খবর তিনি আগেই বিশেষ সূত্রে জানতে পেরেছিলেন। জন্মাষ্টমীর দিন সেই চিঠি তাঁর হাতে পৌঁছেছে বলেও জানান তিনি।
কুণাল আরও জানিয়েছেন, যথাযথ সময়ে তিনি রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ ঘিরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও মামলা সংক্রান্ত বিষয়টি নতুন করে রাজনৈতিক চর্চায় এসেছে।




















