জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দুই শিবিরকেই একই দিনে দিল্লিতে তলব নির্বাচন কমিশনের, হাজির থাকতে পারবেন ৫ জন করে প্রতিনিধি

জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দুই শিবিরকেই একই দিনে দিল্লিতে তলব নির্বাচন কমিশনের, হাজির থাকতে পারবেন ৫ জন করে প্রতিনিধি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – জোড়াফুল প্রতীক নিয়ে তৃণমূলের দুই শিবিরের মধ্যে টানাপোড়েনের আবহেই বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের নতুন তৃণমূল—দুই পক্ষকেই আগামী ১২ সেপ্টেম্বর দিল্লিতে তলব করেছে কমিশন। ফলে জোড়াফুল প্রতীকের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সম্প্রতি নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে। আগামী ৬ অক্টোবর ওই দুই কেন্দ্রে ভোট হওয়ার কথা। তার আগেই প্রতীক সংক্রান্ত টানাপোড়েনের মধ্যে দুই শিবিরকে কমিশনের তলব তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে ১২ সেপ্টেম্বরের শুনানিতেই জোড়াফুল প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

ইতিমধ্যেই কালীঘাট তৃণমূল এবং নতুন তৃণমূল—দুই পক্ষের কাছেই চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। চিঠি অনুযায়ী, ঋতব্রত শিবিরের প্রতিনিধিদের ১২ সেপ্টেম্বর সকাল ১১টায় হাজির হতে বলা হয়েছে। তার ঠিক এক ঘণ্টা পরে, দুপুর ১২টায় মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী শিবিরের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, দুই পক্ষ থেকেই সর্বোচ্চ পাঁচজন করে প্রতিনিধি শুনানিতে অংশ নিতে পারবেন। উপনির্বাচনের আগে প্রতীক নিয়ে এই শুনানি দুই শিবিরের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন নজর ১২ সেপ্টেম্বরের বৈঠকে কমিশনের সামনে দুই পক্ষ কী অবস্থান নেয় এবং জোড়াফুল প্রতীক নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top