কলকাতা – তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে ১৬ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্তে বড়সড় মোড়। ঘটনার তদন্তে নেমে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তিনি পুরসভার ৮০ নম্বর ওয়ার্ডের ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন। নির্মীয়মাণ গুদামটির নকশা অনুমোদনের সঙ্গে পুরসভার ভূমিকা নিয়েই প্রশ্ন ওঠার পর এই গ্রেফতার বলে জানা গিয়েছে।
প্রায় দেড় বছর ধরে তারাতলায় প্রায় ২০ হাজার বর্গফুটের ওই গুদামটি নির্মাণ করা হচ্ছিল। গত ২০ জুন আচমকা সেটির কাঠামো ভেঙে পড়ে। দুর্ঘটনার পর সেনা, এনডিআরএফ এবং কলকাতা পুলিশের দল উদ্ধারকাজে নামে। ধ্বংসস্তূপ থেকে ১৬ জন শ্রমিকের দেহ উদ্ধার হয়। ঘটনার পর দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। এরপরই লালবাজারের বিশেষ তদন্তকারী দল বা SIT তদন্ত শুরু করে।
তদন্তে উঠে আসে, ওই গুদামের নকশা কলকাতা পুরসভা অনুমোদন করেছিল এবং অনুমোদনপত্রে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সই ছিল বলে জানা যায়। এর আগে এই মামলায় তৎকালীন মেয়রের অফিসার অন স্পেশাল পদে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। তদন্তকারীরা জানতে পারেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের অনুমোদিত নকশাও গুদাম নির্মাণের ক্ষেত্রে দেওয়া হয়েছিল।
এরপর নকশা অনুযায়ী বাস্তবে নির্মাণকাজ হয়েছিল কি না, গুদামের পরিকাঠামো কতটা নিরাপদ ছিল এবং নির্মাণে ব্যবহৃত সামগ্রীতে কোনও অনিয়ম ছিল কি না—সবই খতিয়ে দেখছে SIT। পাশাপাশি নকশা তৈরি ও নির্মাণের সঙ্গে কোনও আর্থিক লেনদেন বা অনিয়ম জড়িত ছিল কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। আমিনুর শেখের গ্রেফতারির পর তারাতলার গুদামকাণ্ডের তদন্ত আরও গুরুত্বপূর্ণ মোড় নিল।



















