রেজিনগর উপনির্বাচনে বামফ্রন্টে ফাটল! সিপিআইএমের পর এবার পৃথক প্রার্থী ঘোষণা আরএসপির, লড়বেন বিকাশ চন্দ্র মিশ্র

রেজিনগর উপনির্বাচনে বামফ্রন্টে ফাটল! সিপিআইএমের পর এবার পৃথক প্রার্থী ঘোষণা আরএসপির, লড়বেন বিকাশ চন্দ্র মিশ্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রেজিনগর বিধানসভা উপনির্বাচন ঘিরে বামফ্রন্টের অন্দরে তৈরি হল নতুন জটিলতা। শনিবার বামফ্রন্টের তরফে সিপিআইএমের প্রতীকে আইনজীবী সাঈদের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানায় বামফ্রন্টের অন্যতম শরিক আরএসপি। দলের মুর্শিদাবাদ জেলা সম্পাদক নওফেল মহাঃ সফিউল্লা স্পষ্ট করে দিয়েছিলেন, সিপিআইএম যে প্রার্থীর নাম ঘোষণা করেছে, তাঁকে আরএসপি বামফ্রন্টের প্রার্থী হিসেবে মানছে না।

এরপরই রেজিনগরে পৃথক প্রার্থী দেওয়ার ইঙ্গিত দিয়েছিল আরএসপি। রবিবার সেই অবস্থানেই সিলমোহর পড়ল। রেজিনগর উপনির্বাচনে দলের প্রতীকে বিকাশ চন্দ্র মিশ্রকে প্রার্থী করার কথা ঘোষণা করেছে আরএসপি। দাদপুর গ্রামের বাসিন্দা বিকাশবাবু বর্তমানে দলের রেজিনগর লোকাল কমিটির সম্পাদক এবং মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য।

আরএসপির বক্তব্য, বর্তমান রেজিনগর বিধানসভা কেন্দ্র তৈরি হওয়ার আগে ডিলিমিটেশনের পর এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ভরতপুর, নওদা ও বেলডাঙা বিধানসভার অন্তর্ভুক্ত ছিল। ওই তিন কেন্দ্রেই অতীতে আরএসপি প্রার্থী দিয়েছিল। রেজিনগর বিধানসভা কেন্দ্র গঠনের পর ২০১১ সালের প্রথম নির্বাচনে সিরাজুল ইসলাম মণ্ডলকে প্রার্থী করেছিল দল। ২০১৩ সালের উপনির্বাচনেও তিনিই আরএসপির হয়ে লড়েছিলেন।

তবে পরবর্তী সময়ে কংগ্রেসের সঙ্গে জোটের সমীকরণে ২০১৬ ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রেজিনগর আসনটি কংগ্রেসকে ছেড়ে দিয়েছিল আরএসপি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে সমর্থন করেছিল দল। আর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সহমতের ভিত্তিতে রেজিনগরে ওয়েস্ট বেঙ্গল সোশ্যালিস্ট পার্টির তুষার কান্তি চট্টোপাধ্যায় প্রার্থী হয়েছিলেন। এবার উপনির্বাচনে সেই সমীকরণ বদলে গিয়ে একই বাম শিবিরের দুই শরিকের পৃথক প্রার্থী দেওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top