কলকাতা: দূরপাল্লার ট্রেনে যাত্রীদের আরামদায়ক যাত্রার জন্য বেডশিট, বালিশের কভার এবং তোয়ালে সরবরাহ করে ভারতীয় রেল। পরিষ্কার-পরিচ্ছন্ন এই সামগ্রী না পেলে যাত্রীদের একাংশ যেমন ক্ষুব্ধ হন, তেমনই ব্যবহারের পর সেগুলি চুরি যাওয়ায় রেলের ক্ষতির পরিমাণও বাড়ছে। রেল সূত্রে জানা গিয়েছে, গত আড়াই বছরে শুধু শিয়ালদহ ডিভিশন থেকেই প্রায় ৫৫ লক্ষ টাকার বেডশিট, বালিশের কভার ও তোয়ালে চুরি হয়েছে।
শিয়ালদহ ডিভিশন থেকে প্রতিদিন ২১টি দূরপাল্লার ট্রেনের জন্য প্রায় ১৮,৫০০ প্যাকেট বেডরোল সামগ্রী সরবরাহ করা হয়। এই তালিকায় রয়েছে রাজধানী, দুরন্ত ও হামসফরের মতো প্রিমিয়াম ট্রেনের পাশাপাশি দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনকন্যা এবং গঙ্গাসাগর-বালিয়া এক্সপ্রেসের মতো একাধিক দূরপাল্লার ট্রেন।
রেল সূত্রের দাবি, প্রতিটি প্যাকেটে যাত্রীপিছু দু’টি বেডশিট, একটি হ্যান্ড টাওয়েল এবং একটি বালিশের কভার থাকে। ট্রেনের যাত্রাপথে ব্যবহারের পর এই সামগ্রীগুলির একাংশ আর ফেরত আসে না। অনেক ক্ষেত্রেই চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত বা আটক করা সম্ভব হয় না। ফলে নিখোঁজ সামগ্রীর মূল্য মেটানোর চাপ পড়ে কোচ অ্যাটেন্ড্যান্ট বা সহায়কদের উপরও।
রেলে যাত্রীদের জন্য এক ধরনের নয়, মোট তিন ধরনের বেডশিট ব্যবহৃত হয়। যাত্রী কোন শ্রেণিতে এবং কোন ট্রেনে সফর করছেন, তার উপর নির্ভর করে নির্দিষ্ট ধরনের চাদর সরবরাহ করা হয়। ফলে পরিষেবা বজায় রাখতে একদিকে যেমন বিপুল পরিমাণ সামগ্রী প্রতিদিন সরবরাহ করতে হচ্ছে, অন্যদিকে চুরি ঠেকানোও রেলের কাছে ক্রমশ বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।




















