বর্ষা বিদায়ের মুখেও স্বস্তি নেই বাংলায়! সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, মঙ্গলবার থেকে বাড়বে দুর্যোগ

বর্ষা বিদায়ের মুখেও স্বস্তি নেই বাংলায়! সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, মঙ্গলবার থেকে বাড়বে দুর্যোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: বর্ষা বিদায়ের সময় এগিয়ে এলেও বৃষ্টির দাপট থেকে এখনই রেহাই মিলছে না বাংলার। সপ্তাহের শুরুতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সোমবার, ২১ সেপ্টেম্বর, বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে রাস্তায় বেরোনোর ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর ও সংলগ্ন এলাকায়। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আকাশ মেঘলা থাকলেও বাতাসে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।

তবে সোমবারের পর আবহাওয়ার পরিস্থিতি আরও বদলানোর সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এর প্রভাব পড়তে পারে। বুধবার, ২৩ সেপ্টেম্বরও বৃষ্টির দাপট অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ফলে বর্ষা বিদায়ের সময় হলেও আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top