‘রক্ষকই ভক্ষক’! দুই বাংলাদেশিকে বেআইনিভাবে ভারতে ঢোকানোর অভিযোগে সেনা জওয়ান গ্রেফতার, মোটা টাকার লেনদেনের দাবি

‘রক্ষকই ভক্ষক’! দুই বাংলাদেশিকে বেআইনিভাবে ভারতে ঢোকানোর অভিযোগে সেনা জওয়ান গ্রেফতার, মোটা টাকার লেনদেনের দাবি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



স্বরূপনগর: সীমান্ত পেরিয়ে দুই বাংলাদেশিকে বেআইনিভাবে ভারতে ঢুকতে সাহায্য করার অভিযোগে এক সেনা জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দোহারকান্দা সীমান্ত এলাকার। ধৃত দুই বাংলাদেশির নাম জয় বারুই ও বৈশাখী বারুই। তাঁরা বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা এবং সম্পর্কে স্বামী-স্ত্রী বলে জানা গিয়েছে। তাঁদের কাছ থেকে ভারতে প্রবেশের বৈধ পাসপোর্ট পাওয়া যায়নি।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দোহারকান্দা সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে ওই দম্পতি ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। সেই সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাঁদের আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তাঁদের পরিচয় ও ভারতে প্রবেশের বিষয়টি সামনে আসে। এরপর দু’জনকেই স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবারই তাঁদের গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

তদন্তে এরপরই উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, ধৃত দু’জনের জেরায় হুগলির মগরার বাসিন্দা গৌতম অধিকারী নামে এক সেনা জওয়ানের নাম সামনে আসে। তিনি বর্তমানে রাজস্থানের যোধপুরে কর্মরত। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে ওই জওয়ানই তাঁদের সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে সাহায্য করেছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই গৌতমকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

তিন অভিযুক্তকেই বসিরহাট আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনায় আর কোনও ব্যক্তি বা পাচারচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। বেআইনি অনুপ্রবেশের ঘটনায় তিনজনের বিরুদ্ধেই বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top