কলকাতা: পশ্চিমবঙ্গের ‘গুন্ডা দমন বিল’ নিয়ে তৈরি হল নতুন আইনি জটিলতা। বিধানসভায় পাশ হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হলেও বিলে সই করেননি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রের আপত্তির পর বিলটি পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে ফেরত পাঠানো হয়েছে। মূলত মাদক সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে প্রস্তাবিত প্রতিরোধমূলক আটক ব্যবস্থার সঙ্গে কেন্দ্রীয় আইনের সম্ভাব্য সংঘাত নিয়েই আপত্তি উঠেছে।
চলতি বছরের জুনে পশ্চিমবঙ্গ বিধানসভায় ‘West Bengal Public Safety and Control of Anti-Social Activities Bill, 2026’ পাশ হয়। পরবর্তী সময়ে সেটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিলের ২(ডি)(iii)(B) ধারায় NDPS Act, 1985-এর আওতাভুক্ত মাদক সংক্রান্ত অপরাধকেও ‘গুন্ডা’-র সংজ্ঞার মধ্যে রাখা হয়েছে। এর ফলে মাদক অপরাধের ক্ষেত্রে প্রস্তাবিত ব্যবস্থার সঙ্গে কেন্দ্রের PITNDPS Act, 1988-এর প্রতিরোধমূলক আটক কাঠামোর মিল তৈরি হচ্ছে।
কেন্দ্রের বক্তব্য, একই ধরনের বিষয়ে দুই আইনে পৃথক প্রতিরোধমূলক আটক ব্যবস্থা তৈরি হলে আইনি সংঘাত বা ‘repugnancy’-র প্রশ্ন উঠতে পারে। সংবিধানের ২৫৪ নম্বর অনুচ্ছেদের আওতায় এই জটিলতা এড়াতেই বিলের সংশ্লিষ্ট অংশ বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই আপত্তির ভিত্তিতেই রাষ্ট্রপতি বিলটি অনুমোদন না করে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়েছেন।
ফলে আপাতত এই বিল রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে আইনে পরিণত হয়নি। রাজ্য প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, প্রয়োজনীয় সংশোধন করে বিলটি বিধানসভায় ফের পেশ করার সুযোগ রয়েছে। সংশোধিত বিল আবার পাশ হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হতে পারে।




















