বঙ্গোপসাগরে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ঘণ্টায় ১৬০ কিমি বেগে বইতে পারে ঝড়ো হাওয়া

বঙ্গোপসাগরে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ঘণ্টায় ১৬০ কিমি বেগে বইতে পারে ঝড়ো হাওয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা:

বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’কে ঘিরে উদ্বেগ বাড়ছে। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৬ ঘণ্টায় ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার বেগে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড়টির অবস্থান বিশাখাপত্তনম থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং কাকিনাড়া থেকে ১৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে।

সন্ধ্যায় বাড়তে পারে ঝড়ের তীব্রতা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ তীব্রতায় পৌঁছতে পারে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার থাকতে পারে। সর্বোচ্চ দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছনোর আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রাতে ঝড়ের গতিবেগ কিছুটা কমে ঘণ্টায় ১৩৫ থেকে ১৪৫ কিলোমিটার হতে পারে। সেই সময় দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। আগামীকাল ভোরে ঝড়ের গতিবেগ আরও কমে ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার হতে পারে। তবে দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস।

২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রমের সম্ভাবনা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর দুপুরের মধ্যে বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় ইয়ানামের কাছাকাছি অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। উপকূল অতিক্রমের সময়ও ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার থাকতে পারে। সর্বোচ্চ দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটারে।

স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে ঘূর্ণিঝড়টি বলে পূর্বাভাস। আগামী ২৯ অক্টোবরের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ ও তীব্রতার দিকে নজর রাখছে আবহাওয়া দফতর। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সরকারি সতর্কবার্তা ও প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top