কলকাতা:
রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের (SSC) ক্লার্ক ও গ্রুপ ডি পদে চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। আবেদনপত্রে সংরক্ষণ সংক্রান্ত তথ্য সংশোধনের সুযোগ দিচ্ছে কমিশন। ওবিসির উপশ্রেণি, অসংরক্ষিত বিভাগ এবং বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী প্রার্থীদের ক্যাটেগরি সংক্রান্ত তথ্য সংশোধন করা যাবে। এই কাজের জন্য আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। কমিশন সূত্রে খবর, ২০২৫ সালের প্রথম SLST-তে ক্লার্ক ও গ্রুপ ডি পদের জন্য আবেদনকারী বেশ কিছু চাকরিপ্রার্থী তাঁদের ক্যাটেগরি সংক্রান্ত তথ্য সংশোধনের আবেদন জানিয়েছিলেন। বিশেষত ওবিসির উপশ্রেণি এবং প্রতিবন্ধী প্রার্থীদের তথ্য পরিবর্তনের জন্য কমিশনের কাছে একাধিক আবেদন জমা পড়ে। সেই আবেদনগুলি বিবেচনা করেই সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
কবে এবং কীভাবে সংশোধন করবেন?
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদনপত্রের সংশ্লিষ্ট তথ্য সংশোধন করা যাবে। এর জন্য চাকরিপ্রার্থীদের প্রথমে স্কুল সার্ভিস কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে লগইন করতে হবে। এরপর ‘এডিট’ অপশনে ক্লিক করে প্রয়োজনীয় ক্যাটেগরি নির্বাচন করতে হবে।
সংশোধনের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট শংসাপত্রের নম্বর এবং কোন কর্তৃপক্ষ শংসাপত্রটি দিয়েছে, সেই তথ্যও উল্লেখ করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ২৯ অক্টোবরের পর আর সংশোধনের আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।




















