নয়াদিল্লি
ভারতের বাজারে কি ফের ফিরতে চলেছে ১০০০ টাকার নোট? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া হলুদ রঙের একটি ১০০০ টাকার নোটের ছবি ঘিরে সম্প্রতি এই প্রশ্নই উঠতে শুরু করেছে। ইনস্টাগ্রাম, এক্স ও টেলিগ্রামের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে ওই ছবি। একাধিক পোস্টে দাবি করা হচ্ছে, নতুন ১০০০ টাকার নোট চালু হয়েছে অথবা নির্দিষ্ট দিনে তা বাজারে আসতে চলেছে।
তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) ফ্যাক্ট চেক ইউনিট।
১০০০ টাকার নোট নিয়ে কী জানাল PIB?
PIB ফ্যাক্ট চেকের তরফে স্পষ্ট করা হয়েছে, নতুন ১০০০ টাকার নোট চালু করার বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এখনও পর্যন্ত কোনও ঘোষণা করেনি। ফলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিকে আসল নোটের ছবি বলে বিশ্বাস করার কোনও ভিত্তি নেই।
অর্থাৎ, নতুন ১০০০ টাকার নোট বাজারে আসছে বলে যে দাবি বিভিন্ন পোস্টে করা হচ্ছে, তার কোনও সরকারি সমর্থন নেই। তাই ভাইরাল ছবি দেখে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গুজব থেকে বাঁচতে কী করবেন?
সোশ্যাল মিডিয়ায় কোনও আর্থিক বা সরকারি ঘোষণা সংক্রান্ত তথ্য দেখলেই তা যাচাই না করে শেয়ার করা উচিত নয়। এ ধরনের খবরের সত্যতা জানতে RBI এবং PIB-র মতো সরকারি সূত্রের ঘোষণা দেখে নেওয়া জরুরি।
কেন্দ্রীয় সরকার সংক্রান্ত সন্দেহজনক দাবি বা ভুয়ো খবরের বিষয়ে PIB ফ্যাক্ট চেকের সরকারি মাধ্যমেও তথ্য জানানো যেতে পারে।




















