ইসলামপুর: উত্তর দিনাজপুরের ইসলামপুরে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটল। মঙ্গলবার দুপুরে ইসলামপুর ব্লক অফিসে প্রবেশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। জানা গিয়েছে, বোর্ড গঠনের জন্য এনসিপিআই (NCPI)-এর ১৮ জন সদস্য ইসলামপুর পঞ্চায়েত সমিতির অফিসে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর গোর্খা জনমুক্তি মোর্চার সদস্যরা বিজেপি নেতা চিত্রজিৎ রায় এবং সঞ্জীব ভাওয়ালের নেতৃত্বে আরও একদল সদস্যকে নিয়ে অফিসের ভিতরে প্রবেশের চেষ্টা করেন। আর তা নিয়েই শুরু হয় বিপত্তি।
মুহূর্তের মধ্যে দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি ও মারপিট শুরু হয়ে যায়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।


















