কলকাতা: বাংলার পর্যটন ও আতিথেয়তা শিল্পে বড়সড় বিনিয়োগের ঘোষণা করল অম্বুজা নেওটিয়া গোষ্ঠী। রাজ্যের বিভিন্ন প্রান্তে হোটেল ও রিসর্ট তৈরির জন্য প্রায় ২৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে তারা। পাশাপাশি কলকাতা ও শিলিগুড়িতে যৌথ উদ্যোগে দুটি নতুন হোটেল চালু করল ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (IHCL) এবং অম্বুজা নেওটিয়া গোষ্ঠী। ‘অল্টএয়ার হাউস-আইএইচসিএল সিলেকশনস’ ব্র্যান্ডের অধীনে এই হোটেল দুটির উদ্বোধন হয়েছে।
কলকাতা ও শিলিগুড়িতে নতুন ঠিকানা
গত ৩১ অক্টোবর কলকাতায় এই দুই হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কলকাতার নিউ টাউনের ইকোস্পেস বিজনেস পার্কে তৈরি হোটেলটিতে রয়েছে মোট ৪২টি ঘর ও স্যুইট। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে মাথায় রেখে প্রতিটি ঘরের নকশা তৈরি করা হয়েছে।
শিল্পকর্মনির্ভর অন্দরসজ্জার পাশাপাশি হোটেলে থাকছে বিশেষ খাবার ও পানীয়ের ব্যবস্থা, লাউঞ্জ, শরীরচর্চা ও সুস্থতার পরিসর এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য উপযুক্ত ব্যবস্থা। রাজ্যের পর্যটন ও আতিথেয়তা শিল্পে এই বিনিয়োগ নতুন কর্মসংস্থান এবং পরিকাঠামোগত উন্নয়নের সম্ভাবনাও তৈরি করবে বলে মনে করা হচ্ছে।



















