কলকাতা: ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নিয়ে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী শিক্ষাবর্ষের মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তৈরির পাশাপাশি পরীক্ষা শেষে সেগুলি জমা দেওয়ার বিষয়েও স্কুলগুলিকে নির্দিষ্ট নির্দেশ পাঠানো হয়েছে।
পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেস্ট পরীক্ষা শেষ হওয়ার দিনই সমস্ত বিষয়ের প্রশ্নপত্রের স্ক্যান কপি এবং নন-পিডিএফ সফট কপি নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠাতে হবে। ইতিমধ্যেই সেই ইমেল আইডিও জানিয়ে দিয়েছে পর্ষদ। ঠিকানাটি হল testpaperwbbse@gmail.com।
প্রশ্নপত্র তৈরির দায়িত্ব স্কুলের শিক্ষকদের
পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, প্রশ্নপত্র তৈরির সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিষয়ভিত্তিক শিক্ষকদের। কোনওভাবেই একাধিক স্কুল যৌথভাবে প্রশ্নপত্র তৈরি করতে পারবে না। পাশাপাশি, প্রশ্ন তৈরির ক্ষেত্রে কোনও বহিরাগত সংস্থার সাহায্য নেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।
প্রশ্নপত্রে এমন কোনও বিতর্কিত বিষয় রাখা যাবে না, যার জেরে রাজ্য সরকার বা পর্ষদকে অস্বস্তিতে পড়তে হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, এই নির্দেশিকার কোনওরকম লঙ্ঘন হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকেই সম্পূর্ণ দায় নিতে হবে।
পর্ষদের নির্দেশিকা নিয়ে সমালোচনা
পর্ষদের এই নির্দেশিকা নিয়ে সমালোচনা করেছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। বর্তমান সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “তৃণমূল সরকারের মতো বর্তমান সরকারও টেস্টের প্রশ্নপত্র নিয়ে আশঙ্কায় আছে। তাছাড়া স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকারা কি সব বিষয়ের বিশেষজ্ঞ? যদি না হন, তাহলে তাঁদের দায়ী করা হবে কেন?”



















