রোগী সেজে রক্ত পরীক্ষা করাতে গিয়ে ভুয়ো রিপোর্টের পর্দাফাঁস! বর্ধমানে হানা প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর, বন্ধের নির্দেশ দুই ডায়াগনস্টিক সেন্টার

রোগী সেজে রক্ত পরীক্ষা করাতে গিয়ে ভুয়ো রিপোর্টের পর্দাফাঁস! বর্ধমানে হানা প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর, বন্ধের নির্দেশ দুই ডায়াগনস্টিক সেন্টার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পূর্ব বর্ধমান —

সর্ষের মধ্যেই ভূত! রোগীর রক্তের নমুনা সংগ্রহ করা হলেও আদৌ পরীক্ষা করা হচ্ছে কি না, সেই অভিযোগের সত্যতা যাচাই করতে এবার সরাসরি অভিযানে নামলেন ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু। আর তাঁর সেই আকস্মিক অভিযানে সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ। বর্ধমানের খোসবাগানে একটি ডায়াগনস্টিক সেন্টারে কোনও পরীক্ষা না করেই মনগড়া রক্ত পরীক্ষার রিপোর্ট দেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর ওই এলাকার দু’টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার টোটোয় চেপে বর্ধমানের ডাক্তারপাড়ায় পৌঁছন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু। সঙ্গে ছিলেন তাঁর এক সহযোগী। উদ্দেশ্য ছিল, সাধারণ রোগীর মতো রক্ত পরীক্ষা করিয়ে ডায়াগনস্টিক সেন্টারের পরিষেবার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখা। সেই পরিকল্পনা অনুযায়ী খোসবাগানের একটি ডায়াগনস্টিক সেন্টারে রক্তের নমুনা দেন তাঁর সহযোগী। এরপর যে রিপোর্ট হাতে আসে, তা দেখে কার্যত হতবাক হয়ে যান তাঁরা।

কলকাতার রিপোর্টের সঙ্গে আকাশ-পাতাল ফারাক

জানা গিয়েছে, কয়েক দিন আগেই কলকাতার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্ত পরীক্ষা করিয়েছিলেন ওই সহযোগী। সেই পরীক্ষার রিপোর্টের ফোটোকপি সঙ্গে নিয়েই বুধবার সকালে তিনি বর্ধমানের খোসবাগানের ডায়াগনস্টিক সেন্টারে যান। সেখানে নিয়মমাফিক রক্তের নমুনা সংগ্রহ করা হয়। কিছুক্ষণের মধ্যেই তাঁর হাতে তুলে দেওয়া হয় পরীক্ষার রিপোর্ট।

কিন্তু কলকাতার আগের রিপোর্টের সঙ্গে বর্ধমানের নতুন রিপোর্টের বিস্তর পার্থক্য নজরে আসে। এরপরই সেন্টারের কর্মীদের কাছে বিষয়টি জানতে চান তিনি। অভিযোগ, জিজ্ঞাসাবাদের মুখে কর্মীরা স্বীকার করেন, সকালে সেখানে কোনও চিকিৎসক বা টেকনিশিয়ান উপস্থিত ছিলেন না। এমনকী, কোনও পরীক্ষা না করেই অনুমান করে রিপোর্ট তৈরি করে দেওয়া হয়েছিল।

বসতবাড়ির মধ্যেই ডায়াগনস্টিক সেন্টার!

অভিযানের সময় আরও একাধিক অনিয়ম সামনে আসে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। দেখা যায়, একটি আবাসিক বসতবাড়ির মধ্যেই চলছিল ডায়াগনস্টিক সেন্টারটি। প্রয়োজনীয় পরিকাঠামো ও যন্ত্রপাতিরও অভাব ছিল বলে অভিযোগ। গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিশ্বজিৎ বসু।

তিনি বলেন, “আমাদের কাছে নির্দিষ্ট অভিযোগ ছিল যে এখানে রক্তের পরীক্ষা ঠিকঠাক মতো হয় না। খালি স্যাম্পেল নেওয়া হয়, প্র্যাকটিকাল কিছু হয় না। কীভাবে প্রমাণ পাওয়া যাবে, তাই আমার এক সহকারীকে নিয়ে যাই। সে কলকাতা থেকে কয়েকদিন আগেই রক্ত পরীক্ষা করেছিল। এখানে নমুনায় আকাশ-পাতাল তফাত আসে। তুলনা লাইসেন্স নেই, কিছু নেই। জেলা স্বাস্থ্য দফতরের কী কী করা উচিত, সে বিষয় নিয়ে আমরা আভ্যন্তরীণ সিদ্ধান্ত নেব।”

চেয়ারম্যানের বক্তব্য, পরীক্ষার রিপোর্টই যদি ভুলভাল হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে সঠিক চিকিৎসা পাবেন? স্বাস্থ্য পরিষেবা নিয়ে এ ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

বন্ধের নির্দেশ দুই ডায়াগনস্টিক সেন্টারকে

মঙ্গলবারের মতো বুধবারও বর্ধমানের একাধিক নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক পরিদর্শন চালায় ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন। খোসবাগানের ঘটনায় অনিয়মের অভিযোগ সামনে আসার পর আপাতত এলাকার দু’টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিশিষ্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “একটা ঘটনা ঘটেছে। বর্তমানে আরওপি কিন্তু শুরু হয়ে গিয়েছে। ভুল থেকেই তো সবাই শিক্ষা নেয়। সেই সুযোগ সবাইকে দেওয়া উচিত।”

এই ঘটনায় বেসরকারি স্বাস্থ্য পরিষেবার মান ও রোগ নির্ণয়ের রিপোর্টের নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষ চিকিৎসার জন্য যে রিপোর্টের উপর ভরসা করেন, সেই রিপোর্ট তৈরির ক্ষেত্রেই যদি অনিয়ম হয়, তাহলে তার প্রভাব পড়তে পারে পরবর্তী চিকিৎসার উপরও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top