স্বাধীনতা দিবসের সকালে শ্রীনগরের আকাশে উড়ল তেরঙ্গা পতাকা। না, এতে নতুন কিছু নেই। কিন্তু, প্রতিবছর তেরঙ্গা পতাকার পাশাপাশি উত্তোলিত হত কাশ্মীরের পৃথক পতাকাও।এবার আর সে বালাই নেই। ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই কাশ্মীরে বিলুপ্ত পৃথক পতাকার অস্তিত্বও। তাই শ্রীনগরের আকাশ এবার শুধু তেরঙ্গাময়।

এদিন সকালে শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে পতাকা উত্তোলন করেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। বাসিন্দাদের উদ্দেশে রাজ্যপাল বলেন, “আমি কাশ্মীরবাসীকে আশ্বস্ত করতে চাই, আপনাদের পরিচিতি নষ্ট হয়ে যাচ্ছে না। আপনাদের পরিচিতি নিয়ে কাঁটাছেড়া করা হচ্ছে না। ভারতের সংবিধান প্রত্যেক রাজ্যের আলাদা পরিচিতিকে প্রস্ফুটনের সুযোগ দেয়।” সত্যপাল মালিক আরও বলেন, “কাশ্মীরে কেন্দ্র যেসব পরিবর্তনগুলি করছে তা যে শুধু ঐতিহাসিক তাই নয়। এটা কাশ্মীরের উন্নয়নের জন্য নতুন রাস্তাও খুলে দিল।”




















