নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২৭ শে আগস্ট: মাঝে আর মাত্র ২ দিন। তারপরই তারাপীঠে কৌশিকী অমাবস্যা ঘিরে প্রায় প্রতিবারের মতো লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম ঘটবে। এই আশঙ্কায় ভিড় সামাল দেওয়ার জন্য ইতিমধ্যে তৎপরতা এবং প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলার পুলিশ-প্রশাসন থেকে মন্দির কমিটি।তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, “এবারে অমাবস্যা ২৯ ও ৩০ শে আগস্ট বৃহস্পতিবার ও শুক্রবার পড়ছে। তারপরেই শনিবার রবিবার হওয়ার জন্য পুণ্যার্থীদের ভীড় বেশি হবে বলে মনে করা হচ্ছে। সেই জন্য ইতিমধ্যে মন্দির কমিটি আগে থেকে নিজেদের মধ্যে এক প্রস্থ মিটিং করে নিয়েছে।”তিনি জানান, এবারে ভীড়ের আশঙ্কায় তিনশো জনের বেশি বেসরকারি নিরাপত্তা রক্ষী মন্দির চত্ত্বরে মোতায়েন করা হবে। এবার ডুবুরিও রাখা হচ্ছে, কারণ গতবার স্নান করতে গিয়ে একজন যাত্রীর মৃত্যু হয়। পূজো দেবার লাইনে বাঁশের ব্যারিকেট করা হয়েছে, অ্যাম্বুলেন্স, মেডিকেল ক্যাম্প, জলের ব্যবস্থা, ফায়ার ব্রিগেড, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, গোটা তারাপীঠে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা।অন্যদিকে, প্রশাসনিক ভাবে পুলিশ, দমকল, রেলপুলিশ, বিদ্যুৎ দফতর, জনস্বাস্থ্য কারিগরী দফতর, বিডিও, গ্রাম পঞ্চায়েত প্রধান, তারাপীঠ লজ মালিক সমিতি, তারাপীঠ মন্দির কমিটি এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। মূলত ট্রাফিক নিয়ন্ত্রণ, পানীয় জল, বিদ্যুৎ ব্যবস্থা, স্যানিটেশন, অস্থায়ী শৌচালয় নির্মাণ এই সমস্ত জরুরি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।কৌশিকী অমাবস্যা ঘিরে পুলিশও তাঁদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তারাপীঠে অটো এবং ট্রেকার চালক, লজ মালিক সমিতিদের নিয়ে বিশেষ মিটিং করা হয়েছে।লজ মালিকদের ঘর ভাড়া দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের পরিচয় পত্র এবং প্রমাণ সহ নাম ঠিকানা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যানজট এড়াতে মনসুবা মোড়, আটলা মোড়, চাকপাড়া মোড়, তারাপীঠ বাস স্ট্যান্ড এলাকায় যান নিয়ন্ত্রণ করা হবে। এর জন্য সমস্ত জায়গায় পুলিশ অফিসার সহ বেশ কয়েকজন পুলিশকর্মী মোতায়েন করা হবে। অটো এবং ট্রেকারের উপর নম্বর সহ পুলিশ সহায়তা নম্বর দেওয়া থাকবে।
কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি, তবে এই কৌশিকী অমাবস্যাকেও তারারাত্রি বলা হয়ে থাকে। এই কৌশিকী অমাবস্যায় তন্ত্র সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা।এবছরে কৌশিকী অমাবস্যার নির্ঘণ্ট আগামী ১১ই ভাদ্র ১৪২৬ (ইংরেজির ২৯ শে আগস্ট ২০১৯), বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৫২ থেকে ১২ ভাদ্র, ১৪২৬ (৩০ শে আগস্ট ২০১৯) শুক্রবার বিকেল ৮.২৯ পর্যন্ত থাকবে এই কৌশিকী অমাবস্যা।
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভীড় সামলাতে মোতায়েন ৩০০ নিরাপত্তারক্ষী
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভীড় সামলাতে মোতায়েন ৩০০ নিরাপত্তারক্ষী
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















