
নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২৯শে আগস্ট: এক ইঁট ভাটার ব্যবসায়ীকে রাস্তায় ধরে ভর দুপুরে প্রকাশ্যে ছিনতাইয়ের চেষ্টা দুই যুবকের। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ছিনতাইয়ের হাত থেকে বেঁচে যান ওই ইঁট ব্যবসায়ী, তারপর হাতেনাতে ওই দুই যুবককে ধরে ফেলেন গ্রামবাসীরা।
ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত কুসুমডই গ্রামে। জানা গিয়েছে, এলাকার এক ইঁট ব্যবসায়ী রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই যুবক তাঁকে ধরে। এরপর ওই দুই যুবক তাঁর কাছ থেকে টাকা পয়সায় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এলাকার স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তারপর স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায় ওই দুই যুবক। এলাকার উত্তপ্ত বাসিন্দারা ওই দুই যুবককে ধরে বেধড়ক মার দেয়। তারপর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ধৃত ওই দুই যুবকের কাছ থেকে পাওয়া গিয়েছে দুটি নাইন এমএম পিস্তল এবং ধারালো অস্ত্র। তবে ওই দুই যুবক শুধুমাত্র ছিনতাইয়ের উদ্দেশ্যে এসেছিলেন নাকি তাদের অন্য কোনো মতলব ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।


















