
নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১৪ ই সেপ্টেম্বর : এদিন সকালে বিজেপির ধরনা মঞ্চ তুলে দেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল, প্রাক্তন সাধারণ সম্পাদক মন্ডল সহ প্রায় 200 জন বিজেপি কর্মীকে। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে বিজেপি কর্মীরা। পুলিশ সুপারের অফিসের সামনে থেকে মিছিল করে যায় সিউড়ি বাস স্ট্যান্ড। সেখানে গিয়ে রাস্তা অবরোধ করে তারা। অবরোধ চলাকালীন সেখানে গিয়ে উপস্থিত হয় রাজ্যের বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। তিনিও সামিল হন পথ অবরোধে। বন্ধ করে দেওয়া হয় সমস্ত রকম যানবাহন যাতায়াত।
এরপর ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় বীরভূমের বিশাল বাহিনী। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল ও ডেপুটি ম্যাজিস্ট্রেট। বারবার অনুরোধ করার পরও পথ অবরোধ না তোলাই চরম সর্তকতা দেওয়া হয় বিজেপি কর্মীদের। মাইকিং করে বলা হয় অবিলম্বে পথ অবরোধ তুলে না নিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এরপরে পথ অবরোধ না উঠলে সিউড়ি বাস স্ট্যান্ডে নামানো হয় জলকামান। ফের মাইকিং করা হয় বিজেপি কর্মীদের উদ্দেশ্যে, বলা হয় অবিলম্বে উঠে যেতে হবে। তাতেও কাজ না হওয়ায় পুলিশ আশ্বাস দেয় যে সমস্ত বিজেপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বিকেলের মধ্যে তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া হবে।
এরপর প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ চলার পর অবরোধ তুলে নেয় বিজেপি কর্মীরা। পথ অবরোধ তুলে নিলেও রাজ্য নেতার রাজু বন্দ্যোপাধ্যায়ের হুমকি যদি বিকেলের মধ্যে নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় বিজেপি কর্মীদের তাহলে পুরো বীরভূম অচল করে দেওয়া হবে।


















