
নিজস্ব সংবাদদাতা,কোলকাতা,১৭ই অক্টোবর: কোলকাতা বিমানবন্দর থেকে একের পর এক আকাশে উড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। বৃহস্পতিবার সকালে কলকাতার আকাশে যুদ্ধের মহড়া চালাল বায়ুসেনা। বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, চিনের সেনাদের সঙ্গে পাল্লা দিতেই পূর্ব ভারত ও উত্তর পূর্ব ভারতের ৬টি বিমানবন্দর থেকে যুদ্ধবিমান উড়িয়ে হচ্ছে যুদ্ধের মহড়া।প্রয়োজনে যাতে অসামরিক বিমানবন্দর সামরিক কাজে ব্যবহার করা যায়, তার জন্য মহড়া দিচ্ছে বায়ুসেনা। এই রাজ্যের দু’টি বিমানবন্দর দমদম ও অন্ডালকে সামরিক কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, কলকাতা, অন্ডাল ছাড়াও ডিমাপুর, ইম্ফল, গুয়াহাটি ও পাশিঘাট বিমানবন্দরে এই মহড়া চালানো হচ্ছে। মূলত অত্যাধুনিক সুখোই-৩০ এমকেআই ও হক-১৩২ যুদ্ধিবমান এই মহড়ায় অংশগ্রহণ করছে। তার জন্য বুধবারই কলকাতায় উড়িয়ে নিয়ে আসা হয় তিনটি যুদ্ধবিমান। দমদম বিমানবন্দরেই রাখা হয় সেগুলিকে। বৃহস্পতিবার এই বিমানবন্দর থেকেই ডানা মেলে এই যুদ্ধবিমানগুলি। কলকাতাকে ঘিরে বিস্তীর্ণ এলাকাজুড়ে উড়ে যুদ্ধের মহড়া চলে। তিনটি বিমান কলকাতার আকাশে ‘ডগফাইট’ চালায়। মাঝ আকাশে একটি যুদ্ধবিমান তাড়া করে অন্যটিকে।যদি কখনও শত্রুদেশের সঙ্গে যুদ্ধ হয়, তাহলে আপদকালীন ব্যবস্থা হিসাবেই কলকাতা বিমানবন্দরের মতো অসামরিক বিমানবন্দরগুলি ব্যবহার করা হবে। এখানেই ওঠানামা করবে যুদ্ধবিমান। প্রথম দফায় কলকাতার পর দ্বিতীয় দফায় অন্ডালে এই মহড়া চালানো হবে বলে জানিয়েছে বায়ুসেনা।



















