
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ১৩ এপ্রিল, লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে জুতোর দোকান খুলে রাখায় বারুইপুরে গ্রেপ্তার করা হল এক সিভিক ভলেন্টিয়ারকে। সারা দেশজুড়ে চলছে লকডাউন, লকডাউনের সময় শুধুমাত্র অত্যাবশ্যকীয় পন্যের দোকান খুলে রাখার নির্দেশ রয়েছে। সেই জায়গায় বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুর হাটে নিজের জুতোর দোকান খুলছিল বারুইপুর থানার সিভিক ভলেন্টিয়ার মজনুর রহমান মণ্ডল।
দোকান খোলা দেখে তাকে বারবার বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে বারণ করা হয়। অন্যান্য ব্যবসায়ীরাও তাকে বারণ করে, কিন্তু তিনি কারোর কথা ভ্রূক্ষেপ না করে অবশেষে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে ১৮৮ ধারায় মামলা রুজু করেছে বারুইপুর থানার পুলিশ। আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।



















