
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২০ এপ্রিল, করোনা থাবা বসিয়েছে গোটা রাজ্য সহ গোটা দেশে। আর সেই করোনা সংক্রমণ রুখতে গোটা দেশে চলছে লকডাউন। সেই লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় বাইক নিয়ে বেরিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের, আহত দুই শিশু। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি নেজাট থানার নলগোড়া গ্রামে। মৃত যুবকের নাম তপন সরদার (বয়স ২৮)।
দুর্ঘটনা ঘটার পরই তাদের সকলকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসক তপনকে মৃত বলে ঘোষণা করে। এরপর আহত দুই শিশুকে তড়িঘড়ি স্থানান্তরিত করা হয় কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে।জানা যায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি একটি দেওয়ালে ধাক্কা মারে তার জেরে ছিটকে যায় বাইক আরোহীরা।ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা গ্রামে।



















