
নিউজ ডেস্ক, কলকাতা, ২১ এপ্রিল, সোমবার রাত থেকেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়বৃষ্টি।বেশ কিছুদিন বৃষ্টি না হওয়ায় বাড়ছিল আদ্রতা।ফলে বাড়ছিল আর্দ্রতা জনিত অস্বস্তি। গতকাল রাত থেকে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলিতে বৃষ্টি হচ্ছে।সোমবার রাত ৯টা ৫ মিনিটে আলিপুরে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ওঠে ঘণ্টায় ৪৬ কিলোমিটারে।
বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি শুরু হয়েছে।এখন কিছু জেলায় বৃষ্টি কমলেও বিকেলের দিকে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা।সূত্রের খবর, বিহার লাগোয়া উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণবাতের সৃষ্টি হয়েছে। একটি নিম্নচাপ অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। তার ফলে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই বজ্রগর্ভ মেঘ সঞ্চারের পরিস্থিতি অনুকূল থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টি হতে পারে।বৃষ্টির পরিমাণ হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত।


















