
নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ২৮ এপ্রিল, নদীয়ার শান্তিপুর নৃসিংহ পুরের বেশ কয়েকটি গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করতে দেখা গেল সোনার তরী সংগঠনের পক্ষ থেকে। এদিন ওই এলাকার চৌধুরীপাড়া, সরদারপাড়া, বীণাপাণির মাঠ, হালদারপাড়া, এই সমস্ত জায়গায় লকডাউনের প্রথম দিন থেকে চলছে খাদ্য অভিযানের কাজ। আজ যেসব দিন আনা দিন খাওয়া ভ্যান চালক, রিকশাচালক যারা লকডাউনের জেরে রাস্তায় বেরিয়ে কাজ করতে পারছে না, কর্মহীন হয়ে পড়েছে, তাদেরকে চাল, ডাল, সোয়াবিন, বিস্কুট সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সোনার তরী সংগঠনের একজন সক্রিয় সদস্য পার্থ বিশ্বাস জানান, “আমরা শুধু লকডাউন নয়, সাধারণ মানুষের জন্য প্রায় পাঁচ বছর ধরে সামাজিক কাজ করে আসছি। করোনাভাইরাস এর জেরে যে সকল সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে, আমাদের সোনার তরী সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে থাকার চেষ্টা করছি। আগামী দিনেও এই একই রকম কর্মসূচি আমাদের জারি থাকবে সাধারণ মানুষের উদ্দেশ্যে”। উদ্যোক্তাদের কাছ থেকে জানা যায়, এলাকার আভিজাত্যরা প্রতিনিয়ত সহযোগিতা করে চলেছে তাদের, এর জেরে পেটের খিদে মেটাতে পারছেন অনেক প্রান্তিক মানুষের।


















