লকডাউন উপেক্ষা করে জমায়েত, করোনা সচেতনতা করতে গিয়ে হেনস্থার শিকার পুলিশকর্মী

লকডাউন উপেক্ষা করে জমায়েত, করোনা সচেতনতা করতে গিয়ে হেনস্থার শিকার পুলিশকর্মী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ১৩ মে, লকডাউন নিয়ে সচেতন করতে গিয়ে আবারও মার খেলো বারুইপুর থানার পুলিশ। বারুইপুর থানার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের খিরিশতলা এলাকার ঘটনাটি ঘটেছে। ওই এলাকায় সাধারণ মানুষ লকডাউন মানছে না খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ গিয়ে ছিল। পুলিশ গিয়ে সচেতন করতেই স্থানীয় বাসিন্দারা সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা করে। ঘটনায় বারুইপুর থানার সাব-ইন্সপেক্টর সহ মোট চারজন পুলিশ কর্মী আহত হয়। ভাঙচুর করে দেওয়া হয় পুলিশের গাড়িও। খবর পেয়ে বারুইপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোট আঠারো জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগেও লকডাউন নিয়ে সচেতন করতে গিয়ে মার খেয়েছিল বারুইপুর থানার পুলিশ। সেবার বারুইপুর থানার বেলেগাছিতে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছিল। সেই ঘটনার পর আবার বারুইপুর থানার পুলিশের উপর এই হামলার ঘটনা ঘটলো। পুলিশ সূত্রে খবর, মল্লিকপুর এলাকাতে কোরোনা আক্রান্তের হদিস মেলায় তৎপর হয়েছে প্রশাসন। সেই কারণে এলাকার মানুষজন লকডাউন মানছে না বলে সচেতন করতে গিয়েছিল পুলিশ। রাস্তার বাসিন্দাদের বাড়িতে ঢুকতে বলায় পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। তারপর স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এসে পুলিশকে মারধর করে। এ ঘটনায় চারজন পুলিশ কর্মী আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top